ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চারটি ইউনিয়নে একাধিক সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার ঘোড়াঘাট, পালশা, সিংড়া ও বুলাকীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন করা সড়কগুলোর মধ্যে রয়েছে ৪ নম্বর ঘোড়াঘাট ইউনিয়নের চোপাগাড়ী-হাটপাড়া সড়ক ও বানিয়াল পাকা রাস্তা। এ ছাড়া ২ নম্বর পালশা ইউনিয়নের পালশা ভিলেজ সড়ক, ৩ নম্বর সিংড়া ইউনিয়নের চানপাড়া বাজার থেকে ভর্ণীপাড়া বাজার পর্যন্ত সড়ক এবং ভর্ণাপাড়া উচ্চবিদ্যালয় থেকে সাতপাড়া হয়ে গোবিন্দপুর পর্যন্ত সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করা হয়। অন্যদিকে, ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ি বাজার থেকে কৈপাড়া হিন্দুপাড়া পর্যন্ত সড়কের উন্নয়নকাজও উদ্বোধন করা হয়েছে।
সড়কগুলো উন্নত হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানা বিএনপির সভাপতি শাহ মো. শামিম হোসেন চৌধুরী, সিনিয়র সহসভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল ইসলাম লাবল্লু, ঘোড়াঘাট পৌরসভার মেয়র মো. আব্দুল সাত্তার মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল-আল-মামুন কাওসার শেখ এবং ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ হাসান।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

