পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে আন্তঃজেলা সক্রিয় ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, সরঞ্জামাদি এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. রবিউল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল, চেকপোস্ট ও বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। সোমবার ভোররাতে পঞ্চগড় সদর থানার দশমাইল এলাকায় একটি মাইক্রোবাস তল্লাশি করে প্রথমে দুইজন ডাকাত সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও আটজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—প্রদীপ রায়, জহুরুল ইসলাম, নুর ইসলাম, আব্দুস সালাম, খায়রুল ইসলাম, বাবুল হোসেন, ফারুক, আব্দুল মান্নান, আবু সুমন ও মমিন ইসলাম।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী সাতমেড়া ইউনিয়নের চেকরমারী এলাকায় একটি আম গাছের নিচে বালুর ঢিবিতে লুকিয়ে রাখা ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ধারালো ছুরি, কাটার মেশিন, হ্যাক্স ব্লেড, প্লাস, রশি, টর্চলাইটসহ বিভিন্ন সরঞ্জাম ও একাধিক মোবাইল ফোন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পঞ্চগড় জেলার বিভিন্ন স্থানে পূর্বে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।
এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সুপার জানান, তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এর সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, পঞ্চগড় জেলাকে চুরি ও ডাকাতিমুক্ত করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ক্ষেত্রে গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করেন।

