মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর উপজেলার আমাইল এলাকায় এক কৃষকের ধানখেতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। ভুক্তভোগী কৃষক মোঃ রেজুয়ান মন্ডল (৫৮) এ ঘটনায় বিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার আমাইল (৬নং জোতবানী ইউনিয়ন) এলাকার বাসিন্দা রেজুয়ান মন্ডল দীর্ঘদিন ধরে ক্রয়কৃত জমিতে বিভিন্ন মৌসুমে চাষাবাদ করে আসছেন। চলতি মৌসুমে তিনি তার জমিতে ধানের চারা রোপণ করে পরিচর্যা করছিলেন।
তিনি অভিযোগ করেন, একই এলাকার কয়েকজন প্রতিবেশী দীর্ঘদিন ধরে তার জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল এবং বিভিন্নভাবে ফসলের ক্ষতি করার চেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৯ এপ্রিল গভীর রাতে (প্রায় রাত ১২টার দিকে) তার জমিতে বিষ প্রয়োগ করা হয় বলে তিনি দাবি করেন।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে ফসলের ক্ষতির বিষয়টি দেখতে পান। এ সময় অভিযুক্তদের সঙ্গে কথা বলতে গেলে তারা তাকে গালিগালাজ করে এবং ভয়ভীতি প্রদর্শন করে সেখান থেকে তাড়িয়ে দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
রেজুয়ান মন্ডলের দাবি, এ ঘটনায় তার প্রায় ৯৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, জমিটি দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন হেড়মা মৌজায় অবস্থিত, যার পরিমাণ প্রায় ৫০ শতক।
এ বিষয়ে ভুক্তভোগী কৃষক বলেন, “আমি আমার পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করে আইনগত সহায়তার জন্য থানায় অভিযোগ করেছি।”
এ ব্যাপারে বিরামপুর থানার অফিসার্স ইনচার্জ সাইফুল ইসলাম সরকার জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

