ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪।
শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে উপজেলার চৌরাস্তা মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় একটি সন্দেহজনক প্রাইভেটকার (প্রোবক্স) থামিয়ে তল্লাশি চালানো হয়।
র্যাব-১৪ সিপিএসসি, ময়মনসিংহ সূত্র জানায়, প্রথমে গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া না গেলেও পরবর্তীতে সূক্ষ্মভাবে পরীক্ষা-নিরীক্ষার সময় গাড়ির বডির ভেতরে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বারের সন্ধান মেলে। ওই চেম্বার থেকে কৌশলে লুকানো ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ঘটনাস্থল থেকেই চারজনকে আটক করা হয়। তারা হলেন— মোঃ সাদ্দাম সরকার (৩৩), মোজাম্মেল (২২), মোঃ আলা উদ্দিন মিয়া (২০) ও মোঃ নয়ন সরকার (১৯)। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
র্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কৌশলে বিভিন্ন এলাকায় মাদক পরিবহন ও সরবরাহ করে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা গাড়ির ভেতরে বিশেষভাবে তৈরি গোপন চেম্বারে মাদক লুকিয়ে পরিবহন করত।
অভিযানে ব্যবহৃত প্রোবক্স গাড়িটি এবং উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।

