নবধারা ডেস্ক
চট্টগ্রাম থেকে কুমিল্লায় নিজ বাসায় ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ঘটনাটিতে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে বলেও দাবি করেছে সংস্থাটি। এ ঘটনায় ইতোমধ্যে অভিযান চালিয়ে কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে, তবে সুনির্দিষ্ট গ্রেপ্তারের সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।
রোববার সন্ধ্যায় র্যাব–১১, সিপিসি–২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, “ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত। আমরা এখনই সংখ্যা প্রকাশ করছি না, কারণ এতে অন্যরা সতর্ক হয়ে যেতে পারে। তদন্ত ও অভিযান চলমান রয়েছে।”
তিনি আরও জানান, সোমবার সকালে কুমিল্লা র্যাব কার্যালয়ে এ হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত তথ্য জানাতে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত পর্যন্ত অন্তত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে র্যাব হেফাজতে নিয়েছে।
এর আগে শনিবার সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী এলাকার একটি হোটেলের পাশে বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পরিবারের পক্ষ থেকে গতকাল কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
নিহত বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের সুশীল বৈরাগীর একমাত্র সন্তান। তিনি ৪১তম বিসিএস নন-ক্যাডার পদে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে দায়িত্ব পালন করছিলেন।
পেশাগত প্রশিক্ষণের জন্য সম্প্রতি তিনি চট্টগ্রামে অবস্থান করছিলেন এবং গত শুক্রবার রাতে কুমিল্লার বাসায় ফেরার পথে নিখোঁজ হন। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

