Nabadhara
ঢাকাশনিবার , ২৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে আইন-শৃঙ্খলা সভা: অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধি
মে ২৩, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চুরি, ডাকাতি, যানজট ও মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে কঠোর নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়।

শনিবার বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা, পুলিশ বিভাগের উপপরিদর্শক মনজির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ, সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, জামায়াত নেতা এস এম নাসির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে ইউএনও সুমনা আইরিন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; এটি একটি সম্মিলিত সামাজিক দায়িত্ব। অপরাধমুক্ত ও নিরাপদ উপজেলা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে বাজার, পশুর হাট, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হবে। গুজব, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও মাদক বিস্তার রোধে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে।

সভায় বক্তারা ছোটখাটো অপরাধ, যানজট, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

শেষে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।