কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত এবং অন্তত ২৩ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশের পুকুরে পড়ে যায়।
শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি কুষ্টিয়ার দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের পুকুরে পড়ে যায়।
স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন এবং পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে যোগ দেন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—খোকসা উপজেলার কমলাপুর এলাকার নাবিল হোসেন (২৮), দৌলতপুর উপজেলার রুহুল আমিনের মেয়ে রাফিয়া খাতুন (১৪) এবং চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার রফিকুল ইসলাম (৬০)। নিহত অপরজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি।
আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

