স্টাফ রিপোর্টার,নড়াইল
রাজধানী ঢাকার মিরপুরের পল্লবীতে শিশু শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলের লোহাগড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২৩মে) বিকাল সাড়ে ৫টার দিকে নড়াইল চাইল্ড ফোরামের (এনসিএফ) আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, চাকুরীজীবিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন অংশ নেয়।
কালনা-নড়াইল-যশোর-বেনাপোল জাতীয় মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূঁইয়া,নড়াইল চাইল্ড ফোরামের প্রধান নির্বাহী অধ্যাপক বেলাল সানী, বিএম লিয়াকত হোসেন, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি,কাশিয়ানী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার চঞ্চল শেখ, প্রধান শিক্ষক হান্নান বিশ্বাস, জেবুন নাহার মিলিসহ প্রমূখ।
বক্তারা অবিলম্বে বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে হত্যাকারী সোহেল রানার ফাঁসি ও দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে দেশে শিশু নির্যাতন ও ধর্ষণ বন্ধে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান তারা।

