নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৭ নেতা বিএনপিতে যোগদান করেছেন। একই সঙ্গে তারা বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে তমরদ্দি ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী এক উঠান বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ যোগদান অনুষ্ঠিত হয়। যোগদানকৃত নেতাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।
বিএনপিতে যোগদানকারীরা হলেন— তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এনসিপির সদস্য সচিব হেলাল, যুগ্ম আহ্বায়ক মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক রাব্বি, সদস্য রাসেল উদ্দিন, সাদ্দাম হোসেন ও ফারুক উদ্দিন।
জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে মাহবুবুর রহমান শামীম উপস্থিত জনগণের উদ্দেশ্যে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সরকার গঠনের আহ্বান জানান।
তিনি বলেন, নির্বাচিত হলে হাতিয়ার নদীভাঙন রোধ, ভূমিহীনদের পুনর্বাসন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং পর্যটন কেন্দ্র হিসেবে হাতিয়াকে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
উঠান বৈঠকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

