ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি নির্বাচিত হন বা না হন—নগরকান্দা ও সালথার মানুষের পাশে থাকবেন। তিনি বলেন, “আমি এমপি হই বা না হই, আপনাদের পাশে থাকব। নগরকান্দা-সালথার মানুষকে ছেড়ে কখনো কোথাও যাব না।”
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
জনসভায় শামা ওবায়েদ ভোটারদের উদ্দেশে বলেন, “১২ ফেব্রুয়ারি আমাকে নিরাশ করবেন না। আপনাদের মেয়ে, আপনাদের বোন হিসেবে আপনাদের কাছে সমর্থন চাই।” তিনি আরও বলেন, তার বাবা বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কে এম ওবায়দুর রহমানের মতোই সকল ধর্ম-বর্ণের মানুষ তার কাছে নিরাপদ থাকবে।
তিনি নগরকান্দা-সালথা এলাকার উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, এলাকায় আন্তর্জাতিক মানের হাসপাতাল, একটি বিশ্ববিদ্যালয়, একটি গার্লস স্কুল এবং কর্মসংস্থানের জন্য মিল-কারখানা প্রতিষ্ঠা করা হবে। প্রবাসফেরত যুবকদের স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কৃষকদের জন্য কৃষক কার্ড ও পরিবারভিত্তিক ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
এছাড়া উপজেলার প্রতিটি মাদ্রাসার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার করেন শামা ওবায়েদ।
সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে জনসভায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাদা মিয়া, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খন্দকার ফজলুর হক টুলু, শোভন ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

