মাদারগঞ্জ (জামালপুর) জেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর–৩ (মাদারগঞ্জ–মেলান্দহ) সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে তিনি ২ লাখ ৬২ হাজার ১৪ ভোট পান। এছাড়া পোস্টাল ভোটে পান ১ হাজার ১৯৮ ভোট। সব মিলিয়ে তার মোট প্রাপ্ত ভোট ২ লাখ ৭৪ হাজার ১২। এতে তিনি বিপুল ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মজিবুর রহমান আজাদী, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে ৭৯ হাজার ৬০৭ ভোট এবং পোস্টাল ভোটে ১ হাজার ৮২৩ ভোট পান। তার মোট প্রাপ্ত ভোট ৮১ হাজার ৪৩০।
এই আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৫৪টি এবং একটি পোস্টাল কেন্দ্রসহ মোট কেন্দ্র সংখ্যা ছিল ১৫৫টি। সংশ্লিষ্ট সূত্র জানায়, কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
স্থানীয়রা বলছেন, শান্তিপূর্ণ ভোটগ্রহণ ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ ছিল সন্তোষজনক।

