আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটা উপজেলাতে র্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ কোরেক্স ও ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত প্রায় পৌনে ২টার দিকে উপজেলার কুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৬ জানায়, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদের নেতৃত্বে র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার একটি দল কুলিয়া এলাকায় অভিযান চালায়।
অভিযানে ৯৯৫ বোতল কোরেক্স ও মেয়াদোত্তীর্ণ ১১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এসময় তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— দেবহাটার কুলিয়া গ্রামের মৃত আজিজ কারিকরের ছেলে হাসানুর কারিকর, উপজেলার হাড়দ্দহ গ্রামের সোহরাব হোসেন সরদারের ছেলে মনিরুল ইসলাম এবং একই গ্রামের জিয়া উদ্দীন গাজীর ছেলে মুসা করিম।
র্যাব সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানায় র্যাব।
এ বিষয়ে খুলনা র্যাব-৬ সিপিসি-১ এর এসআই সানাউল্লাহ বাদী হয়ে তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের করেছেন (মামলা নং-১৪, তারিখ: ০১/০৩/২০২৬ ইং)।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন র্যাবের পক্ষ থেকে মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে সকল আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা অভিযান চালিয়ে যাচ্ছে। মাদক ব্যবসায়ীরা সমাজ ও দেশের শত্রু। আটককৃতদের সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

