Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সংযোগ সড়ক না থাকায় ২৩ বছরেও চালু হয়নি সেতু, ভোগান্তিতে এলাকাবাসী

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
এপ্রিল ২১, ২০২৬ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সংযোগ সড়ক না থাকায় প্রায় ২৩ বছরেও চালু হয়নি একটি সেতু। সরকারি প্রায় ৬ লাখ ৪২ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকায় চরম ভোগান্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জানা যায়, মাইজবাগ ও মগটুলা ইউনিয়নের কুঁড়া খালের ওপর ২০০৩ সালের ১৮ জুলাই প্রায় ২০ মিটার দৈর্ঘ্যের এ সেতুটি নির্মাণ করা হয়। বানাশ্রম, চরশংকর, ভাসা ও বটতলা গ্রামের মানুষের যাতায়াত সহজ করতে সেতুটি নির্মাণ করা হলেও দুই প্রান্তে কোনো সংযোগ সড়ক না থাকায় এখন পর্যন্ত এর কোনো সুফল পাচ্ছেন না এলাকাবাসী।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সেতুটি অব্যবহৃত থাকায় তারা নিজেরাই মাটি ও বালুর বস্তা ফেলে কোনোভাবে চলাচলের ব্যবস্থা করেছেন। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

এ সেতুর ওপর নির্ভর করে প্রতিদিন আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চলাচল করেন। বানাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধীতপুর উচ্চ বিদ্যালয় ও মাইজবাগ পাঁচপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত এই পথ ব্যবহার করে থাকে। সংযোগ সড়ক না থাকায় তাদের কয়েক কিলোমিটার ঘুরে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে।

এদিকে সেতুটি নির্মাণের সঙ্গে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী মোজাম্মেল হোসেন বলেন, “সাধারণত কাঁচা রাস্তায় এলজিইডি সেতু নির্মাণ করে না। এটি কীভাবে নির্মাণ করা হয়েছে, সে বিষয়ে আমার জানা নেই। তবে স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়া হলে সংযোগ সড়ক নির্মাণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।”

দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকা এ সেতুটি দ্রুত চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।