ফেনী প্রতিনিধি
ফেনী শহরের হাজারী রোড এলাকার একটি বহুতল ভবন থেকে সুরাইয়া সানজিদা এ্যানি (২৪) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে জাবেদ টাওয়ারের পঞ্চম তলার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই বাসায় একাই বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এ্যানির মা খাদিজা আক্তার মেয়ের বাসায় গিয়ে দরজা বন্ধ দেখতে পান। বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এ্যানির ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
নিহত এ্যানি ফেনীর দাগনভূঞা উপজেলার বেকের বাজার মমারিজপুর গ্রামের মৃত আবদুল বারীর কন্যা। তিনি শহরের সেস্টার মারিয়া বিউটি পার্লারে কর্মরত ছিলেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

