বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
নানা আয়োজনে বরিশালের বাকেরগঞ্জে বরণ করা হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে মেতে ওঠে পুরো উপজেলা।
দিনটির সূচনা হয় সকাল ৮টায় জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হওয়া এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। বাকেরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খানের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা রঙিন সাজে শোভাযাত্রাকে প্রাণবন্ত করে তোলেন।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয় বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য আবুল হোসেন খান এবং এতে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তন্ময় হালদার।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের ঐতিহ্যের প্রতীক। এটি কোনো দলীয় উৎসব নয়, বরং সকলের মিলনমেলা। তিনি এ দিনে সন্ত্রাস ও মাদকমুক্ত শান্তিপূর্ণ সমাজ গড়ার আহ্বান জানান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা বাংলা নববর্ষের গান, লোকসংগীত ও ঐতিহ্যবাহী পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন। দিনব্যাপী এই আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

