মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অনুপ্রেরণামূলক পাঠচক্র ও সাহিত্য-সাংস্কৃতিক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) পৌর শহরের তাহেরপুর এলাকার রানু কুঠির প্রাঙ্গনে বসুন্ধরা শুভসংঘ মনিরামপুর উপজেলা শাখার ব্যতিক্রমী এই কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস. এম. হাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকাশ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শুভসংঘের উপদেষ্টা অধ্যাপক গৌতম রায়।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মাস্টার মো. মনিরুজ্জামান, সহসভাপতি ডা. হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোকলেচুর রহমান, শিক্ষক প্রবীর সরকার, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহীন আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাসুদ রানা, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক প্রভাষক ফজলুর রহমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক নার্গীস আক্তারসহ কঙ্কন চক্রবর্তী, জয়ন্ত, তাহসীন, নিপুন, রোহান, আপন, নয়ন এবং দৈনিক কালের কণ্ঠের মনিরামপুর উপজেলা প্রতিনিধি অধ্যাপক মোহাম্মদ বাবুল আকতারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সভাপতির বক্তব্যে এস. এম. হাফিজুর রহমান বলেন, পাঠচক্র মানুষের চিন্তাশক্তি জাগ্রত করে, মূল্যবোধ গড়ে তোলে এবং মানবিক সমাজ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি তরুণ প্রজন্মকে মাদক ও নেতিবাচক প্রবণতা থেকে দূরে রাখতে সাহিত্যচর্চার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান আলোচক অধ্যাপক গৌতম রায় বলেন, পাঠচক্র তরুণদের চিন্তাশক্তিকে শানিত করে এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে। তিনি প্রতিদিন অন্তত ৩০ মিনিট বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
পাঠচক্র পর্বে জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘যে জীবন আমার ছিল’ থেকে অংশবিশেষ পাঠ করা হয়, যা উপস্থিতদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
সাহিত্য-সাংস্কৃতিক পর্বে সভাপতি এস. এম. হাফিজুর রহমান ও উপদেষ্টা গৌতম রায় সংগীত পরিবেশন করেন। এছাড়া কঙ্কন চক্রবর্তীসহ অন্যান্য সদস্যরা কবিতা আবৃত্তি করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা সমাজে জ্ঞান, সংস্কৃতি ও ইতিবাচক চিন্তার প্রসারে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

