মনিরামপুর (যশোর) প্রতিনিধি
দেশের ক্রান্তিলগ্নে যুব সমাজই পারে একটি সুন্দর, শৃঙ্খলাবদ্ধ ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে—এমন মন্তব্য করেছেন যশোর জেলা যুবদলের নেতৃবৃন্দ। তারা বলেন, জাতীয়তাবাদী যুবদল সবসময় দেশের গুরুত্বপূর্ণ সময়ে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
আগামী ২৭ তারিখে যশোরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে মনিরামপুর উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এক যৌথসভায় বক্তারা এসব কথা বলেন। রবিবার রাতে জেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা। সভা পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল হুসাইন ও পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন।
বক্তারা বলেন, যুবসমাজ দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার মূল চালিকাশক্তি। একটি সুসংগঠিত যুবশক্তি কখনোই অপশক্তির কাছে মাথা নত করে না। তারা আরও বলেন, ২৭ তারিখের সমাবেশে যুবদলের ব্যাপক উপস্থিতির মাধ্যমে সংগঠনের শক্তি ও ঐক্য তুলে ধরতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, মিজানুর রহমান, মাসুদ পারভেজ রুবেল, মামুন হোসেন এবং পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে একটি প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

