Nabadhara
ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় অক্ষয় তৃতীয়ায় সমুদ্রস্নানে হাজারো সনাতন ধর্মাবলম্বী

Link Copied!

অশোক মুখার্জি, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি

বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া, অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় পুণ্যলাভের আশায় কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজারো সনাতন ধর্মাবলম্বী সমুদ্রস্নানে অংশ নেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের উদ্যোগে অক্ষয় তৃতীয়া ব্রত ও সনাতন ধর্ম সম্মেলনের আয়োজন করা হয়। ভোর ৫টা থেকে আহ্বানী, সমবেত প্রার্থনা, মঙ্গলঘট স্থাপন, শ্রী শ্রী বিষ্ণু পূজা ও গঙ্গা মায়ের পূজা শেষে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, এই তিথি হিন্দু ও জৈন ধর্মে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল বলে এটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালিত হয়। এছাড়া এই দিনে বেদব্যাস ও গণেশ মহাভারত রচনা শুরু করেন বলে বিশ্বাস করা হয়। একই দিনে সত্যযুগের সমাপ্তি হয়ে ত্রেতাযুগের সূচনা হয় এবং রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্ত্যে নিয়ে আসেন।

ইঞ্জিনিয়ার নিহার রঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী জয়দেব ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন ঠাকুরের সহধর্মিণী হরপ্রিয়া দেবী এবং পরমপূজ্যপাদ ঋত্বিক মহারাজ ডা. রাধাস্বামী।

এছাড়াও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের সভাপতি ও বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পরিতোষ রায়, ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে ভাগবত আলোচনা করেন ভক্ত গৌর গোবিন্দ দাস, ভক্ত শ্যামল সুন্দর দাস, ভক্ত গোবিন্দ দেবনাথসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত জয়দেব ভক্তবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন রতন জ্যোতি দাস ব্রহ্মচারী।

প্রতিবছরের মতো এবারও দূর-দূরান্ত থেকে সনাতন ধর্মাবলম্বীরা গঙ্গাস্নানে অংশ নিতে কুয়াকাটায় আসেন। এ সময় হাজারো মানুষের কোলাহলে মুখরিত হয়ে ওঠে সমুদ্র সৈকত। অনেকেই স্নান শেষে পরিবার নিয়ে গীতা পাঠ করেন, আবার কেউ প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে মগ্ন থাকেন।

পিরোজপুর থেকে আগত গৌর গোবিন্দ দাস ব্রহ্মচারী বলেন, এই দিনে গঙ্গাস্নান করলে অক্ষয় পুণ্য অর্জন করা যায়। এই তিথিতে স্বয়ং নারায়ণের বাস থাকে গঙ্গায়। তাই এদিন গঙ্গাস্নান করলে জীবন থেকে দুঃখ ও রোগব্যাধি দূর হয়ে যায় এবং জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে ওঠে।

কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক শ্রী নিহার রঞ্জন বলেন, প্রতিবছরের মতো এবারও অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠান যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। এ উপলক্ষে প্রশাসনের সার্বিক সহযোগিতা পাওয়া যাচ্ছে এবং দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।