ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে হাম-রুবেলার টিকা দেওয়ার একদিন পর মহিমা আক্তার নামে তিন মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।
গত ২০ এপ্রিল সোমবার সন্ধ্যায় উপজেলার ব্রজপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত মহিমা আক্তার ওই গ্রামের চাঁন মিয়ার মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল ব্রজপুর কাদির টিকা কেন্দ্রের কর্মী সেজ্জাতুন শিশুটির বাবাকে ফোন করে ১৯ এপ্রিল টিকা দেওয়ার জন্য কেন্দ্রে ডাকেন।
সেই নির্দেশনা অনুযায়ী ১৯ এপ্রিল সকালে মা ফারজিনা আক্তার শিশুটিকে নিয়ে কেন্দ্রে যান এবং বেলা অনুমান ১১টার দিকে তাকে টিকা দেওয়া হয়। স্বজনদের দাবি, টিকা দেওয়ার পর থেকেই শিশুটি অসুস্থ বোধ করতে থাকে এবং পরেরদিন ২০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
শিশুটির পিতা চাঁন মিয়া বলেন, আমার মেয়েটা একদম সুস্থ ছিল। টিকা কেন্দ্রের কর্মীর ফোন পেয়ে আমরা ওকে টিকা দিতে নিয়ে গিয়েছিলাম। কিন্তু টিকা দেওয়ার পর থেকেই বাচ্চাটা ঝিমিয়ে পড়ে এবং শরীর খারাপ করতে থাকে।
আমরা ভাবতেও পারিনি সুস্থ বাচ্চাটা এভাবে আমাদের ছেড়ে চলে যাবে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত বাসী করেন।
আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম বলেন, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। সাধারণত টিকাদানের পর এমন ঘটনা ঘটার কথা নয়। আমি তার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

