নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় সুমাইয়া আক্তার খাদিজা (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমাইয়া কচুয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
সোমবার (২৭ এপ্রিল) কচুয়া সদর ইউনিয়নের বাড়ইখালি গ্রামের ২ নম্বর ওয়ার্ড থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুমাইয়া ওই গ্রামের সেন্টু শেখ ও নাজমা খাতুন দম্পতির কন্যা। পারিবারিক সূত্রে জানা গেছে, বাবা-মায়ের বিচ্ছেদের পর সে তার সৎ বাবার সঙ্গে বসবাস করছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে চিকিৎসার প্রয়োজনে সুমাইয়ার মা ও সৎ বাবা বাগেরহাট শহরে যান। পরে বাড়িতে ফিরে তারা সুমাইয়াকে নিজ ঘরের সিলিং ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে স্বজনরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করেন এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবার সকাল ৯টা থেকে ১১টার মধ্যে কোনো এক সময় সে আত্মহত্যা করে থাকতে পারে।
কচুয়া থানা পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

