যশোর প্রতিনিধি
আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন ১১টি পরীক্ষা কেন্দ্র স্থগিত করা হয়েছে। পরীক্ষা পরিচালনায় অনিয়ম এবং কাম্য সংখ্যক পরীক্ষার্থী না থাকায় এসব কেন্দ্র স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন। এ সংক্রান্ত চিঠি বোর্ডের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, “পরীক্ষা পরিচালনায় অনিয়ম ও পর্যাপ্ত সংখ্যক পরীক্ষার্থী না থাকায় বোর্ড কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১১টি এইচএসসি পরীক্ষা কেন্দ্র স্থগিত করা হয়েছে।”
স্থগিত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে খুলনা ইসলামিয়া কলেজ, যশোরের দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, নওয়াপাড়া মহিলা কলেজ, নড়াইলের লোহাগড়া লাহুড়িয়া এস এম এ আহাদ কলেজ, মাগুরার শ্রীপুরের দারিয়াপুর কলেজ, জি কে আইডিয়াল ডিগ্রি কলেজ, নাকোলা সম্মিলনী ডিগ্রি কলেজ, মাগুরা সদরের শত্রুজিৎপুর কালিপ্রসন্ন কলেজ, হাজীপুর সম্মিলনী কলেজ, মহম্মদপুরের সরকারি বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ এবং ঝিনাইদহ ক্যাডেট কলেজ।
বোর্ড সূত্রে জানা গেছে, এসব কেন্দ্রের সবগুলোতেই পরীক্ষার্থীর সংখ্যা ছিল অপ্রতুল। পাশাপাশি কিছু কেন্দ্রে পরীক্ষা পরিচালনায় অনিয়মও পাওয়া গেছে। এসব কারণেই কেন্দ্রগুলো স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

