নাটোরের বড়াইগ্রামে অফিস কক্ষে ঢুকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফকে মারপিট মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।গত শুক্রবার রাতে উপজেলার উপল শহর ও মধ্য মালিপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, উপল শহরের বাসিন্দা জুয়েল রানা এবং মধ্য মালিপাড়ার বরকত আলী ও আবু বক্কর সরদার।
ভুক্তভোগীর দায়ের করা এজাহারের বরাত দিয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম খান জানান, বৃহষ্পতিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফকে তাঁর কার্যালয়ের দরজা বন্ধ করে মারপিট করার ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ভাগনে জহির উদ্দিনসহ মোট ২৩ জন অংশ নেয়। এসময় হামলাকারীরা বলে, ‘এমপি স্যার নিষেধ করার পরেও তুই উপজেলায় নিয়োগ দিচ্ছিস, তোর হাত কেটে নিয়ে যাওয়ার নির্দেশ আছে।’ এসময় আগ্নেয়াস্ত্র বের করার কথাও বলে তারা। পরে ঐদিনই রাতেই ভুক্তভোগী শিক্ষা কর্মকর্তা বাদি হয়ে সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ভাগ্নে জহির উদ্দিনসহ চারজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
এদিকে নাটোর ০৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী সংবাদ সম্মেলনে জানান, বৃহস্পতিবার দুপুরে তার অজ্ঞাতসারে কে বা কারা তার নাম ভাঙ্গিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে মারধর করেছে। তার লোকজন এই অপকর্মের সাথে জড়িত নয় উল্লেখ করে ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনির প্রতি অনুরোধও জানান তিনি।
পরবর্তীতে শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। অন্য আসামীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

