নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) পৃথক কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় দুটির প্রতিষ্ঠাতা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর গাজীপুরের বোর্ডবাজারস্থ কেন্দ্রীয় মসজিদে কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রোভিসি অধ্যাপক মোঃ লুৎফর রহমান, অধ্যাপক ড. মোঃ নূরুল ইসলাম, বিভিন্ন অনুষদের ভারপ্রাপ্ত ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন। এদিকে বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত গাজীপুর ক্যাম্পাস, ঢাকার ধানমন্ডির নগর কার্যালয় ও আঞ্চলিক কেন্দ্রগুলোতে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয় বলে নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক, মোঃ মোস্তাফিজুর রহমান।
অন্যদিকে, একই দিনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের পর কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবি ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
তিনি মরহুমার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন ভূমিকা ও জাতির জন্য ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রচিন্তার প্রতীক, যিনি নির্যাতন ও বঞ্চনার মাঝেও আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি।
কোরআন খতম শেষে বিশেষ মোনাজাতে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন বাউবি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এ সময় প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোঃ আনিছুর রহমানসহ বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

