Nabadhara
ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে জমি নিয়ে দ্বন্দ্ব, চাচার হামলায় ভাতিজার মৃত্যু

Link Copied!

মোঃ‌মিজানুর রহমান​, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

​মাদারীপুরের ডাসারে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা ও চাচাতো ভাইদের হামলায় মারুফ সরদার (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মারুফ ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকার নুর ইসলাম সরদারের ছেলে।

এই মৃত্যুর খবরে এলাকায় শোকের মাতম চলছে; অন্যদিকে বাড়ি ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে অভিযুক্তরা।

স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি নিয়ে নুর ইসলাম সরদারের সাথে তার চাচাতো ভাই মোফাজ্জল সরদারের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জের ধরে গত শনিবার সকালে নুর ইসলামের জমির গাছ জোরপূর্বক কেটে ফেলে মোফাজ্জল ও তার লোকজন।

এতে বাধা দিতে গেলে নুর ইসলাম ও তার পরিবারের ওপর প্রথম দফা হামলা চালানো হয়। স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে আহতদের চিকিৎসার জন্য ভ্যানে করে মাদারীপুর সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন স্বজনরা।

​ভুক্তভোগী পরিবারটি পথে ভদ্রখোলা এলাকায় পৌঁছালে মোফাজ্জল সরদার, তার ছেলে ইকবাল, ইমরান, নাতি ইয়ামিন ও জামাতা সুমনসহ একদল লোক পুনরায় তাদের গতিরোধ করে হামলা চালায়।

দেশীয় অস্ত্রের এই হামলায় মারুফ ও তার বোন গুরুতর আহত হন। মারুফকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত মোফাজ্জল সরদার ও তার পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে এলাকা ছেড়ে পালিয়েছেন।

খবর পেয়ে ডাসার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানা ও ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম নিহতের বাড়ি পরিদর্শন করেছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

একমাত্র ছেলেকে হারিয়ে নির্বাক মা মাহিনুর বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “পাঁচ মেয়ের পর আল্লাহ আমাকে একটি ছেলে দিয়েছিল। মোফাজ্জল আর ওর ছেলেরা আমার বুক খালি করে দিল। আমি সরকার আর প্রশাসনের কাছে আমার সন্তান হত্যার বিচার চাই।”

এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা জানান, “জমি সংক্রান্ত বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনায় আগেই মামলা হয়েছে। এখন যেহেতু চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে, তাই পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা তৎপর রয়েছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।