কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
মায়ের ইচ্ছা পূরণে ব্যতিক্রমী আয়োজন—হেলিকপ্টারে চড়ে বিয়ে করে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরলেন প্রবাসী মিলন মধু। ঘটনাটি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার নারকেল বাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে একটি বেসরকারি কোম্পানির হেলিকপ্টার অবতরণ করে। এসময় হেলিকপ্টার থেকে স্ত্রী ও মাকে সঙ্গে নিয়ে নামেন মিলন মধু। পরে বাজনা ও ফুলেল সংবর্ধনার মাধ্যমে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।
মিলন মধু উপজেলার নারিকেল বাড়ী গ্রামের সতীশ মধুর ছেলে। তিনি দীর্ঘ ১৩ বছর ধরে জর্ডানে প্রবাস জীবন কাটাচ্ছেন। সম্প্রতি দেশে ফিরে গত শুক্রবার একই স্থান থেকে হেলিকপ্টারে চড়ে মাদারীপুরের রাজৈর উপজেলার মহিষমারি গ্রামে বিয়ে করতে যান। তার স্ত্রী প্রেরণা সরকার ওই গ্রামের পলাশ সরকারের মেয়ে ও একজন কলেজছাত্রী।
মিলন মধু জানান, “আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। আমার মায়ের ইচ্ছা ছিল আমি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাই। তাই তার ইচ্ছা পূরণে এই আয়োজন করেছি। আজ স্ত্রীকে নিয়ে একইভাবে বাড়ি ফিরলাম।”
তিনি আরও জানান, আগামী সোমবার তার বৌভাত অনুষ্ঠিত হবে। এতে প্রায় এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছে।
মিলনের মা ললিতা মধু বলেন, “আমার ইচ্ছা পূরণ হয়েছে। ছেলে ও বৌমাকে নিয়ে আমি খুব খুশি। সবার কাছে তাদের সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়া চাই।”
এলাকার সাবেক ইউপি সদস্য বিজয় মধু বলেন, “আমাদের এলাকায় এই প্রথম কেউ হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছে। মিলন তার মায়ের ইচ্ছা পূরণ করেছে—এটা আমাদের জন্য আনন্দের বিষয়।”
স্থানীয় গৃহবধূ রহিমা বেগম বলেন, “এটা যেন রাজকীয় বিয়ে। কয়েকদিন ধরেই মিলনদের বাড়িতে উৎসবমুখর পরিবেশ। এই বিয়ে ঘিরে এলাকায় আনন্দ বিরাজ করছে।”
এ ব্যতিক্রমী আয়োজন দেখতে ভিড় করেন উৎসুক জনতা। পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

