Nabadhara
ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কবি নজরুল কলেজে চার দফা দাবিতে ছাত্র অধিকারের স্মারকলিপি

Link Copied!

মোছা: কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি

ক্যাম্পাসে অগণতান্ত্রিক ও শিক্ষাবিরোধী কার্যক্রম বন্ধ করে নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিতসহ চার দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদ।

রবিবার (২৬ এপ্রিল) সকালে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে এ স্মারকলিপি তুলে দেন সংগঠনটির নেতারা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি নাহিদ হাসান, প্রচার সম্পাদক ওমর হাসান ইমন, নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার এবং সহ-সভাপতি জায়েদ আব্দুল্লাহসহ অন্যান্য নেতাকর্মীরা।

সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে গোপন সাংগঠনিক তৎপরতা ক্রমেই বেড়ে উঠছে, যা একটি স্বাভাবিক ও উন্মুক্ত শিক্ষাবান্ধব পরিবেশের পরিপন্থী। এর সঙ্গে যুক্ত হয়েছে শক্তি প্রদর্শন ও প্রভাব বিস্তারের প্রবণতা, যা শিক্ষার্থীদের মধ্যে ভীতির সঞ্চার করছে এবং মতপ্রকাশের স্বাধীনতাকে সীমিত করে দিচ্ছে।

একইসঙ্গে বহিরাগতদের অবাধ যাতায়াত ও অনুপ্রবেশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এসব কারণে ক্যাম্পাসে অস্থিরতা তৈরি হচ্ছে এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—ক্যাম্পাসে অগণতান্ত্রিক ও শিক্ষাবিরোধী কার্যক্রম দ্রুত বন্ধ করে একটি নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, এ ধরনের কার্যক্রম প্রতিরোধে প্রশাসনের কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা গ্রহণ, বহিরাগতদের অনুপ্রবেশ রোধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং দীর্ঘমেয়াদে একটি শান্তিপূর্ণ, সহনশীল ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা প্রত্যাশা করেছিলাম শিক্ষা প্রতিষ্ঠানগুলো হবে উন্নত ও মানবিক ভবিষ্যৎ গঠনের কেন্দ্র। কিন্তু দুঃখজনকভাবে কিছু অপতৎপরতার কারণে ক্যাম্পাসে অস্থিরতা তৈরি হচ্ছে, যা শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।

তিনি আরও বলেন, আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানাই—শিক্ষাবিরোধী ও অগণতান্ত্রিক কার্যক্রম থেকে বিরত থেকে একটি শান্তিপূর্ণ, সহনশীল ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করুন। অন্যথায় শিক্ষার্থীরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবে।

স্মারকলিপি গ্রহণ করে অধ্যক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।