কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সম্পত্তির লোভে সিয়াম মিয়া (১৩) নামে এক এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার কয়খা গ্রামের বাসিন্দা সিয়াম মিয়াকে ঝালমুড়ি খাওয়ার কথা বলে ডেকে নেয় একই এলাকার মেহেদী গাজী (২৬) ও ইমরান হোসেন (২৫)। পরে তাকে নির্জন স্থানে নিয়ে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে তাকে অচেতন অবস্থায় পাড়কোনা এলাকার একটি ব্রিজের পাশে ফেলে রেখে যায় অভিযুক্তরা।
পরে জ্ঞান ফিরে পেয়ে এক পথচারীর সহায়তায় বাড়িতে ফিরে আসে সিয়াম। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
আহত সিয়াম মিয়া জানায়, মারধরের সময় সে কারণ জানতে চাইলে অভিযুক্তরা বলে ২০ হাজার টাকার বিনিময়ে তাকে হত্যা করতে বলা হয়েছে। স্থানীয় ঘাঘর বাজারের কাঠ ব্যবসায়ী রেজোয়ান মিয়া এ টাকা দিয়েছে বলেও তারা উল্লেখ করে। সিয়ামের অভিযোগ, পারিবারিক সম্পত্তির লোভে তার চাচাতো ভাই রেজোয়ান মিয়া এ ঘটনার সঙ্গে জড়িত।
তবে অভিযুক্ত কাঠ ব্যবসায়ী রেজোয়ান মিয়া এ অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে, অভিযুক্ত মেহেদী গাজী ও ইমরান হোসেন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

