রাজশাহী প্রতিনিধি
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে থাকা ২০৪ জন বন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছেন। কারাগারে মোট প্রায় ২ হাজার ৬০০ হাজতি ও কয়েদি থাকলেও ভোট দেওয়ার জন্য ২৭৩ জন নাম নিবন্ধন করেছিলেন।
কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান এ তথ্য নিশ্চিত করে জানান, ভোট দিতে আগ্রহীদের নাম নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছিল। নিবন্ধিতদের মধ্যে নাম, ঠিকানা ও সংসদীয় আসনসহ তথ্য সঠিক থাকায় ২০৪ জনের নামে ব্যালট আসে এবং তারা শনিবার বিকাল পর্যন্ত পোস্টাল ব্যালটে ভোট দেন। পরে এসব ব্যালট পোস্ট অফিসে পাঠানো হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানায়, বন্দিদের প্রায় অর্ধেক সাজাপ্রাপ্ত কয়েদি এবং বাকিরা বিচারাধীন মামলার হাজতি। দীর্ঘদিন কারাভোগের কারণে অনেক বন্দি ভোটার তালিকাভুক্ত নন, ফলে তারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারেননি। এছাড়া নিয়ম অনুযায়ী, কেউ পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নাম নিবন্ধনের পর জামিনে মুক্তি পেলে বাইরে গিয়ে ভোট দিতে পারেন না। এ কারণে অনেকেই নিবন্ধন করেননি। নিবন্ধনের পর ৩২ জন বন্দি জামিনে মুক্তি পাওয়ায় তাদের ভোট গ্রহণ করা সম্ভব হয়নি।
এই কারাগারে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি এনামুল হক বন্দি থাকলেও তারা ভোট দেওয়ার জন্য নাম নিবন্ধন করেননি।
সিনিয়র জেল সুপার বলেন, “ভোট দিতে ইচ্ছুক বন্দীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। কেউ ভোট দিতে না চাইলে তাদের জোর করা হয়নি।”

