বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ওসমান গনি সরদার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে বাগেরহাট প্রেসক্লাব-এর সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ভাই মোঃ এনামুল কবির সরদার। তিনি বলেন, তাঁর ছোট ভাই ওসমান গনি সরদার ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। গত ১২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে তিনি বাড়িতে আসেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, এজাহারভুক্ত আসামিদের সঙ্গে পূর্ব বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এসব বিরোধ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (বাগেরহাট সদর–কচুয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম-এর (ঘোড়া প্রতীক) পক্ষে কাজ করায় আসামিরা ক্ষুব্ধ ছিলেন বলে দাবি পরিবারের।
এনামুল কবির সরদারের অভিযোগ, ঘটনার দিন ১৩ ফেব্রুয়ারি বিকালে সরোয়ার সরদারের বাড়ির সামনে পূর্ব পরিকল্পিতভাবে তাঁর ভাইয়ের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।
তিনি খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে নিহতের চাচা মুনসুর আলী সরদার, আ. আসলাম সরদারসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ কামনা করেছেন স্বজনরা। বাগেরহাট জেলা পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

