Nabadhara
ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে পাকা সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, উত্তেজনা চরমে

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নের ঝুটেশ্বরী এলাকায় পাকা সড়ক নির্মাণকে কেন্দ্র করে একটি পরিবারের সঙ্গে এলাকাবাসীর বিরোধ চরম আকার ধারণ করেছে। এ ঘটনায় সংঘর্ষে একই পরিবারের দুইজনসহ এক কিশোর আহত হয়েছে।

আহতরা হলেন—হায়দার আলী (৫৫) ও তার ছেলে মাহামুদুল হাসান (১৮)। তারা বর্তমানে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এলাকাবাসীর পক্ষের আহত আরিফুল মোল্লা (১৪) স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোদালিয়া ইউনিয়নের ঝুটেশ্বরী এলাকায় রুহু মোল্লার বাড়ি থেকে খোকা বিশ্বাসের বাড়ি পর্যন্ত প্রায় ৮৫০ মিটার সড়ক পাকাকরণের কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এলাকাবাসীর দাবি, সড়কটি কৃষিপণ্য ও ঘেরের মাছ পরিবহনসহ শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র পথ হওয়ায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এলাকাবাসীর মধ্যে শেখ ইমরান মাহমুদ, ইউপি সদস্য মো. রুবেল শেখ, লিপন খান, মো. জাহিদ ফকির, রেক্সোনা বেগমসহ অনেকে অভিযোগ করেন, সড়কের শেষাংশে হায়দার আলী অন্যায়ভাবে বাধা প্রদান করছেন। তাদের দাবি, বহু পুরনো খালের পাড়ের খাস জমির ওপর দিয়ে সড়কটি নির্মাণ করা হচ্ছে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের চেষ্টা করলেও তিনি তা মানছেন না।

তারা আরও জানান, গত ১২ এপ্রিল সড়কের কাজ চলাকালে হায়দার আলী বাধা দিলে উপস্থিত কিছু কিশোর উন্নয়ন কাজের পক্ষে কথা বলে। এতে উত্তেজনা সৃষ্টি হলে আরিফুল মোল্লা নামে এক কিশোরকে মারধরের ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হন। ঘটনার পর এলাকাবাসী সড়ক পাকাকরণ দ্রুত সম্পন্নের দাবিতে মিছিল করেন।

অন্যদিকে, হায়দার আলী দাবি করেন, তার নিজস্ব রেকর্ডভুক্ত জমির ওপর দিয়ে জোরপূর্বক সড়ক নির্মাণের চেষ্টা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, কাজে বাধা দেওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের প্রভাবে দূর থেকে উসকানি দিয়ে কিশোরদের দিয়ে তার ওপর হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।