Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

থানায় গিয়ে এনসিপির বিক্ষোভের মুখে আটক আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
এপ্রিল ১৭, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের টঙ্গীতে ভাড়াটিয়ার সঙ্গে বিরোধের জেরে থানায় অভিযোগ দিতে এসে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে টঙ্গী পূর্ব থানায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাড়াটিয়ার সঙ্গে বিরোধের জেরে লিখিত অভিযোগ দিতে টঙ্গী পূর্ব থানায় আসেন শেখ বাদল আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন এক বিদেশি (জার্মান নাগরিক) শেখ জেনেট। রাতে থানার ভেতরে উভয় পক্ষের মধ্যে সমঝোতার আলোচনা চলছিল।

এদিকে খবর পেয়ে এনসিপির নেতাকর্মীরা থানার প্রধান ফটকের বাইরে জড়ো হয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। তারা “থানায় থানায় লীগ ঘুরে, প্রশাসন কী করে” এবং “একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর”সহ বিভিন্ন স্লোগান দেন। এতে থানার সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরবর্তীতে এনসিপি নেতাদের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ শেখ বাদল আহমেদকে আটক দেখায়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ জানান, বাদল আহমেদকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে টঙ্গী পূর্ব থানা এনসিপির আহ্বায়ক মঈন আহমেদ অভিযোগ করেন, বাদল আহমেদের বিরুদ্ধে বাগেরহাট জেলায় বৈষম্যবিরোধী চারটি মামলা রয়েছে। তিনি আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত এবং বিগত সরকারবিরোধী আন্দোলনের সময় দমন-পীড়নে উস্কানি দিয়েছেন বলেও দাবি করেন।

এলাকাবাসী ও এনসিপি নেতাদের অভিযোগ, জাভান হোটেলে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে বাদল আহমেদ এলাকার যুব সমাজকে বিপথগামী করেছেন। এ কারণেও তার বিচার দাবি করেন তারা।

থানা সূত্রে জানা যায়, জাভান হোটেলে মাদক কারবার ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বাদল আহমেদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এছাড়াও বৈষম্যবিরোধী মামলাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা থাকলেও তিনি বর্তমানে সব মামলায় জামিনে রয়েছেন।

তবে, বিতর্কিত ওই ভাড়াটিয়া তার হোটেলটি দখল করতে এনসিপিকে ব্যবহার করে পরিকল্পিতভাবে তাকে আটক করিয়েছেন—এমন অভিযোগও উঠেছে। যদিও এ বিষয়ে কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, শেখ বাদল আহমেদ জার্মান শাখা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক (দুইবার) ছিলেন। এছাড়া তিনি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সাবেক ভিপি, জার্মানির বার্লিনে অবস্থিত কানকুন ইন্টারন্যাশনাল গ্রুপের চেয়ারম্যান এবং জাভান হোটেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।