কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) দুপুর ২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি চত্বরে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. জসিম উদ্দিন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রসার এবং নতুন প্রজন্মকে উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
দুইদিনব্যাপী এ বিজ্ঞান মেলায় বিভিন্ন স্টল, প্রজেক্ট প্রদর্শনী এবং বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে।

