মৌলভীবাজার প্রতিনিধি
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। বাংলা প্রথম পত্রের মাধ্যমে বহু প্রতীক্ষিত এই পরীক্ষায় অংশ নিতে সকাল থেকেই দেশের বিভিন্ন কেন্দ্রের মতো মৌলভীবাজার জেলাতেও শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
জেলায় মোট ১৯ হাজার ৯১৩ জন পরীক্ষার্থী ৩৭টি কেন্দ্রে অংশ নিচ্ছে। পরীক্ষা শুরুর আগে কেন্দ্রগুলোতে ছিল শিক্ষার্থীদের ভিড় পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
নতুন সরকারের অধীনে অনুষ্ঠিত হচ্ছে এবারের এসএসসি পরীক্ষা। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা ও উদ্বেগ বিরাজ করছে। বিশেষ করে প্রশ্নের ধরণ, মূল্যায়ন পদ্ধতি এবং সার্বিক পরীক্ষার পরিবেশ নিয়ে অনেকের মনেই দুশ্চিন্তা দেখা গেছে।
কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মুখে ছিল স্পষ্ট উৎকণ্ঠার ছাপ। সন্তানের ভালো ফলাফলের প্রত্যাশা এবং নতুন পরিস্থিতি ঘিরে অজানা শঙ্কা সব মিলিয়ে এক ধরনের মানসিক চাপ অনুভূত হচ্ছে তাদের মধ্যে।
তবে এসব উদ্বেগের মধ্যেও শিক্ষার্থীরা শান্তভাবে ও আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে। অভিভাবকরাও আশা প্রকাশ করেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে এবং শিক্ষার্থীরা তাদের প্রত্যাশিত ফল অর্জন করতে পারবে।

