কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
“হাতে হাত ধরি, সুন্দর সমাজ গড়ি” স্লোগানকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে চারাগাছ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আয়োজন করে মানব কল্যাণ যুব সামাজিক উন্নয়ন সংগঠন। উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও আরিফা ফুড প্রোডাক্টস (চমক)-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রেজওয়ান হোসাইন মারুফ, কোষাধ্যক্ষ মো. আশিক ইসলাম, আইন সম্পাদক মো. রিফাত ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. মিজানুর রহমান, প্রচার সম্পাদক মো. রবিউল ইসলাম এবং ধর্ম সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ১০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে মো. আতাউর রহমান বলেন, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতোমধ্যে আমাদের জীবনযাত্রায় নানা সমস্যা তৈরি করছে। তাই এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।
তিনি আরও বলেন, এটি শুধু সরকার বা পরিবেশবাদী সংগঠনের কাজ নয়; বরং সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে এসে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।

