জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের চাঁনপাড়া–ইটাখোলা সড়কের শিরট্টি বাজার সংলগ্ন দুটি কালভার্টের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এতে বর্ষা মৌসুমে তিনটি মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে শত শত বিঘা জমির ফসল ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয় কৃষকদের স্বাক্ষরিত অভিযোগে জানা যায়, উপজেলার আওলাই ইউনিয়নের শিরট্টি ভারহুত, গোয়ালপাড়া ও হরিপুর মাঠের পানি শিরট্টি বাজার সংলগ্ন দুটি কালভার্ট দিয়ে হারাবতী নদীতে নিষ্কাশিত হয়। কিন্তু শিরট্টি গ্রামের আব্দুল আলীম নামের এক ব্যক্তি কালভার্ট দুটির পানি নিষ্কাশনের মুখ বন্ধ করে ইটের দেয়াল নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। এতে মাঠগুলোতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
শিরট্টি গ্রামের কৃষক মতিয়ার রহমান, মিজানুর রহমান, তোজাম্মেলসহ একাধিক কৃষক জানান, এই মাঠগুলোতে আলু, তরমুজ, ধানসহ বিভিন্ন ফসল চাষ করা হয়। ভারী বৃষ্টি হলে মাঠের পানি বের হওয়ার একমাত্র পথ এই কালভার্ট। সেটি বন্ধ হয়ে গেলে কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল আলীম বলেন, তিনি সরকারি নিয়ম অনুসরণ করে তিন ফিট জায়গা ছেড়ে দিয়ে বসতবাড়ি নির্মাণ করছেন। তাঁর দাবি, এতে পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ বলেন, বিষয়টি খতিয়ে দেখতে স্থানীয় ভূমি অফিসকে সরেজমিনে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

