জুলফিকার বাবলু, মাদারগঞ্জ(জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।ছয়মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ইসমত আরা (২৩) বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার গুনারীতলা ইউনিয়নের গুনারীতলা পশ্চিমপাড়া গ্রামে তার শ্বশুরালয়ে এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ থেকে জানা যায়, তাকে শারীরিক নির্যাতন করে পরিকল্পিত হত্যা করা হয়েছে।
নিহত গৃহবধূ ইসমত আরা গুনারীতলা গ্রামের সাবেক প্রবাসী নূর ইসলামের স্ত্রী এবং মাদারগঞ্জ পৌর সভার ১ নং ওয়ার্ডের চরগাবের গ্রামের ইউনুস আলীর মেয়ে। ঘটনার পর তার স্বামী নূর ইসলাম পলাতক।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান,, প্রায় ৮ বছর আগে নূর ইসলামের সঙ্গেপারিবারিক ভাবে ইসমত আরার বিয়ে হয়। নিহতের স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই নূর ইসলাম বিভিন্ন সময় ইসমতকে শারীরিক ভাবে নির্যাতন করে আসছে।
সম্প্রতি ইসমত আরা অসুস্থ হলেও তাকে কোন প্রকার চিকিৎসা দেওয়া হয় নাই। এব্যাপারে গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজন বলেন, ইসমত আরা অভিমান করে বুধবার সকালে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস আত্মাহত্যা করেছে বলে এলাকায় চাওর করে।
ইসমত আরাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।পরে নিহতের স্বামী নূর ইসলাম তার স্ত্রীর লাশ নিয়ে দ্রুত হাসপাতাল থেকে চলে যান।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেজাবীন রশিদ তিন্নী জানান,পোস্টমর্টেম ছাড়া নিহতের কারন স্পষ্ট কিছু বলা যাবেনা।
খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূইয়া জানান, প্রাথমিক সুরতহাল রিপোর্টে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।

