Nabadhara
ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ওজনে কম চাল: ডিলারের বিরুদ্ধে ইউএনও’র কাছে অভিযোগ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
এপ্রিল ২৭, ২০২৬ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ন্যায্যমূল্যের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। এ ঘটনায় নয়জন ভুক্তভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এ অভিযোগ দাখিল করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রঙ্গশ্রী ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ৫৫৮ জন কার্ডধারী রয়েছেন। এসব কার্ডধারী ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পান। অভিযোগ রয়েছে, সরকার নির্ধারিত সিলমোহরযুক্ত বস্তার পরিবর্তে বালতি দিয়ে তিন বালতি করে চাল বিতরণ করেন ডিলার রোকনুজ্জামান, ট্যাগ অফিসারের উপস্থিতিতে।

চাল নেওয়ার পর কার্ডধারীদের সন্দেহ হলে তারা পাশের দোকানে ওজন করে দেখেন, চালের পরিমাণ ২৭–২৮ কেজি পাওয়া যায়। পরে স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে পুনরায় মাপলে একই পরিমাণ কম পাওয়া যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ সময় বিষয়টি ট্যাগ অফিসার মনিন্দ্র হালদারকে জানানো হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি। অভিযোগ রয়েছে, ডিলার ও তার লোকজন ভুক্তভোগী ও সাংবাদিকদের হুমকি দিয়ে স্থান ত্যাগ করতে বলেন।

অভিযোগকারী রেহেনা বেগম বলেন, “ডিলার দায়িত্ব নেওয়ার পর থেকেই নিয়মিত ২-৩ কেজি করে চাল কম দিচ্ছেন। প্রতিবাদ করলে খারাপ ব্যবহার করেন।”

আরেক ভুক্তভোগী হারুন তালুকদার বলেন, “৩০ কেজি দেওয়ার কথা থাকলেও মেপে দেখি ২৭ কেজি। ভয়ে আগে কিছু বলিনি, কিন্তু এখন বিষয়টি সহ্য করা যাচ্ছে না।”

নুরজাহান বেগম বলেন, “আমার স্বামী প্রতিবন্ধী। চাল নিতে গিয়ে দেখি ওজনে কম। পরে ইউএনও অফিসে অভিযোগ করেছি।”

অভিযোগের বিষয়ে ডিলার রোকনুজ্জামানকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা খাদ্য কর্মকর্তা রুবিনা পারভিন বলেন, “চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।