জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী এলাকায় ঝড়বৃষ্টির সুযোগে এক কৃষকের গোয়ালঘরের সিঁধ কেটে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে ভুক্তভোগী কৃষক মোঃ আফজাল হোসেনের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বুধবার (২৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার বাগজানা ইউনিয়নের ভীমপুর গ্রামে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া গরুর মধ্যে রয়েছে বিদেশি জাতের ৩টি গাভী ও একটি দুধের বাছুর।
ভুক্তভোগী আফজাল হোসেন জানান, রাত আনুমানিক ৩টার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে গোয়ালঘরের দেয়াল ভাঙা দেখতে পান। পরে কাছে গিয়ে দেখেন, গোয়ালঘরে থাকা একটি গরুও নেই। তার চিৎকারে পরিবারের সদস্যরা জেগে উঠে বিষয়টি নিশ্চিত হন।
তিনি আরও বলেন, “ঝড়বৃষ্টির কারণে রাতে বারান্দায় বসেছিলাম। আবহাওয়া শান্ত হলে ঘুমিয়ে পড়ি। সেই সুযোগে চোরেরা গোয়ালঘরের দেয়াল কেটে গরুগুলো নিয়ে যায়। এতে আমার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।”
এ বিষয়ে বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক জানান, ঘটনাটি রাতেই থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ চুরি যাওয়া গরু উদ্ধারে কাজ শুরু করেছে। পাশাপাশি স্থানীয়দের বিভিন্ন এলাকায় খোঁজখবর নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

