রাজবাড়ী প্রতিনিধি
হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন ৪৭ জন ভুক্তভোগী। তবে রাজবাড়ী জেলা পুলিশের বিশেষ উদ্যোগে সেই আশাই বাস্তবে রূপ নিয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করা ৪৭টি স্মার্টফোন তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইলগুলো হস্তান্তর করেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ। তিনি বলেন, “পুলিশ শুধু অপরাধ দমনেই সীমাবদ্ধ নয়, বরং জনগণের সেবায় সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এলআইসি (LIC) শাখার সদস্যরা নিরলস পরিশ্রম করে দেশের বিভিন্ন এলাকা থেকে এসব মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছেন। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
পুলিশ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন থানায় মোবাইল হারানোর পর সাধারণ ডায়েরি (জিডি) করার ভিত্তিতে এলআইসি শাখার একটি বিশেষ টিম কাজ শুরু করে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে তারা এসব মোবাইল উদ্ধার করে।
উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে রাজবাড়ী সদর থানার ২১টি, কালুখালী থানার ৮টি, গোয়ালন্দ ঘাট থানার ৭টি, পাংশা মডেল থানার ৭টি এবং বালিয়াকান্দি থানার ৪টি রয়েছে।
হারানো মোবাইল ফিরে পেয়ে অনেক মালিকই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, পুলিশের প্রতি তাদের আস্থা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। পুলিশের এ ধরনের মানবিক ও জনবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহলও।
জনগণের আস্থা অর্জন এবং সেবা প্রদানে রাজবাড়ী পুলিশের এ উদ্যোগকে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

