অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় কোরবানির ঈদকে সামনে রেখে আলোচনায় থাকা বিশাল আকৃতির দুটি গরু ‘ভয়ংকর’ ও ‘বাদশা বাবু’ বিক্রির জন্য ঢাকায় নেওয়া হয়েছে। উপজেলার গাববাড়িয়া স্লুইসগেট সংলগ্ন এলাকার খামারি ইব্রাহিম হাওলাদারের খামারে লালন-পালন করা গরু দুটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ ও ক্রেতারা। তবে স্থানীয়ভাবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় শেষ পর্যন্ত রাজধানীর হাটে তুলেছেন তিনি।
খামারি ইব্রাহিম হাওলাদার জানান, ফ্রিজিয়ান জাতের কালো রঙের গরু ‘ভয়ংকর’-এর দাম চাওয়া হয়েছে ৯ লাখ টাকা। প্রায় ১৮ মণ ওজনের গরুটি আকার-আকৃতির কারণে সবার নজর কাড়ছে। অন্যদিকে শাহিওয়াল জাতের কালো ডোরাকাটা রঙের ‘বাদশা বাবু’-র দাম হাঁকা হয়েছে ৭ লাখ টাকা। গরুটির ওজন প্রায় ১৭ মণ।
তিনি বলেন, “দূর-দূরান্ত থেকে অনেক পাইকার ও ক্রেতা এসেছেন। সবাই গরু দেখে প্রশংসা করলেও এখনো বিক্রি হয়নি। তাই কিছুটা দুশ্চিন্তা নিয়েই ঢাকায় এনেছি।”
ইব্রাহিম দাবি করেন, গরু দুটিকে মোটাতাজাকরণের জন্য কোনো ক্ষতিকর বা কৃত্রিম পদ্ধতি ব্যবহার করা হয়নি। গত চার বছরে প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা হয়েছে। খাদ্য হিসেবে দেওয়া হয়েছে ভুট্টার সাইলেজ, কাঁচা ঘাস, খড়-কুটা, ভুসি ও বিভিন্ন রুচিবর্ধক খাবার।
খামারের কর্মচারী সোলেমান বলেন, “গরু দুটির নিয়মিত গোসল, পরিচর্যা ও খাবারের প্রতি বিশেষ নজর দিতে হয়েছে। পরিবারের সদস্যের মতো যত্ন নেওয়া হয়েছে। এখন ন্যায্য দামে বিক্রি হবে বলে আশা করছি।”
স্থানীয়দের মতে, কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি বছরই বড় আকৃতির গরু নিয়ে ক্রেতাদের আগ্রহ থাকে। সেই ধারাবাহিকতায় ‘ভয়ংকর’ ও ‘বাদশা বাবু’ এখন কলাপাড়ার অন্যতম আলোচিত কোরবানির পশুতে পরিণত হয়েছে।

