আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় একদিনে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে চালের ডিও লেটার বিতরণ, ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স এবং নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন তিনি।
সকালে উপজেলা পরিষদ হলরুমে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জহির উদ্দিন স্বপন। এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১২৬ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্ম অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা বহন করে। নতুন প্রজন্মের মধ্যে নজরুলের চেতনা ছড়িয়ে দিতে সাহিত্য ও সংস্কৃতিচর্চার গুরুত্ব অপরিসীম।
দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১৬১টি পূজামণ্ডপের অনুকূলে চালের ডিও লেটার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে মোট ৯৬ হাজার ৬০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধান অতিথি হিসেবে জহির উদ্দিন স্বপন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে ডিও লেটার তুলে দেন।
এ সময় তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা অসাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। সবাই যাতে আনন্দমুখর পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য সরকার নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করেছে। এবার প্রতিটি পূজামণ্ডপে গত বছরের তুলনায় ১০০ কেজি বেশি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এতে সন্তোষ প্রকাশ করেন পূজা উদযাপন পরিষদ ও মণ্ডপ কমিটির নেতারা।
এদিকে, উপজেলার দুটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্সেও অংশ নেন সংসদ সদস্য। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে তথ্য সংগ্রহের উদ্দেশ্য, প্রক্রিয়া, তথ্য যাচাই এবং পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা। পরে প্রধান অতিথি তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের মধ্যে ট্যাব বিতরণ করেন।
কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিম হোসেন তমাল, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন মিয়া, শামছুল হক খোকন, কার্তিক বেপারী, এনায়েত খান মনু, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক যতিন্দ্রনাথ মিস্ত্রী, সদস্যসচিব দীনেশ চন্দ্র হালদার, বিআরডিবির চেয়ারম্যান আকতারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

