কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়া থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে একজন নারী রয়েছেন।
শুক্রবার (২৯ মে) রাত পৌনে ১টার দিকে রংপুর-কুড়িগ্রাম/লালমনিরহাট মহাসড়কের কাউনিয়া হলদিবাড়ি রেলগেট এলাকায় পুলিশের চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতাররা হলেন— কুড়িগ্রামের ফুলবাড়ী থানার কুটি চন্দ্রখানা গ্রামের হামিদ আলীর ছেলে হাসান আলী (২৭) এবং যতিন্দ্রনারায়ণ গ্রামের হাফিজার রহমানের মেয়ে আলপিনা খাতুন (১৯)।
পুলিশ জানায়, বিশ্বস্ত সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশির সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলের ডান পাশের সাইড বক্সের এয়ার ক্লিনারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল, নগদ সাড়ে তিন হাজার টাকা এবং তিনটি সিমকার্ডসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা মোটরসাইকেলে করে কুড়িগ্রাম থেকে রংপুরের দিকে ইয়াবা নিয়ে আসছিল।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিহাব উদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

