মো. শফিউল ইসলাম রনি,ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্বাধীনতার ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাঁর সাহসী নেতৃত্ব, দেশপ্রেম, দূরদর্শী রাজনৈতিক ভূমিকা এবং সঠিক নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে। শহীদ জিয়ার অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মকে দেশ গঠনে অনুপ্রাণিত করবে।
রোববার (৩১ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ভাণ্ডারিয়া শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়া-র অবদান জনগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করেও তিনি দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন।
তিনি বলেন, অতীতে যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এবং যাদের কারণে পিরোজপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ও অসমাপ্ত উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন তিনি।
আহমেদ সোহেল মনজুর বলেন, একটি মহল অপপ্রচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
তিনি জানান, স্বরূপকাঠিতে কৃষক কার্ড চালু করা হয়েছে। এর ধারাবাহিকতায় ভাণ্ডারিয়াতেও ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে সাধারণ মানুষ ও কৃষকরা সরাসরি বিভিন্ন সরকারি সুবিধা লাভ করতে পারবেন।
নারীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, কোনো ধরনের মিথ্যা প্রচারণা, গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না। দেশের উন্নয়ন, মানুষের কল্যাণ ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সচেতন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সত্য ও বাস্তবতাকে মূল্যায়ন করে দেশের অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে নির্বাচনে অংশ নিতে হবে। যোগ্য ও দলীয় প্রার্থীদের নির্বাচিত করে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে অংশীদার হতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন। সভায় ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মোল্লা জোমাদ্দার এবং উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী, অতিথি ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

