কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় ব্যাটারিচালিত ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন ২০২৬) দুপুরে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের কচুয়া–সাইনবোর্ড সড়কের নরেন্দ্রপুর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের পদ্মনগর গ্রামের দৌলত খানের ছেলে মতিউর রহমান খান (৭০) এবং পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের সরোয়ারের ছেলে রাব্বি (২৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ২টার দিকে সাইনবোর্ড থেকে কচুয়াগামী একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ছয় চাকার একটি ট্রাকের (খুলনা মেট্রো-শ ১১-০৪৪১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মতিউর রহমান খান ও রাব্বি মারা যান।
দুর্ঘটনায় আহতরা হলেন ভ্যানচালক পিরোজপুর জেলার চালিতাখালি গ্রামের ইব্রাহিম শেখের ছেলে আবু হাসান (৩০) এবং কচুয়ার চরকাঠী গ্রামের রশিদের ছেলে রোমান শেখ (৩২)। তারা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক বাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

