নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি ভজন চন্দ্র সরকারকে (৩৮) গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিএসসি নরসিংদীর একটি অভিযানিক দল।
সোমবার (১২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নরসিংদী মডেল থানার হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার ভজন চন্দ্র সরকার নরসিংদী সদর উপজেলার হাজীপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবা সুভাষ চন্দ্র সরকার এবং মা সুমিত্রা রানী সরকার।
এসআরবি-১১, সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভজন চন্দ্র সরকার নরসিংদী মডেল থানার একটি মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। নরসিংদী মডেল থানার মামলা নম্বর ২৫ (০২) ২০২৩-এর সূত্রে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ১৯(গ) উপধারায় দায়ের করা মামলায় তিনি সাজাপ্রাপ্ত হন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
এসআরবি-১১, সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

