Nabadhara
ঢাকাবুধবার , ৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত

স্টাফ রিপোর্টার, নড়াইল
জুন ৩, ২০২৬ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাদশার গ্যারেজ এলাকায় একটি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৫২) এবং অ্যাম্বুলেন্স চালক লক্ষ্মীপুর জেলার সৈয়দনগর এলাকার পূর্ব চর কলাকোপা গ্রামের আকবর আলী (২৮)।

অ্যাম্বুলেন্সে থাকা জাহিদ হাসান জানান, ঢাকায় মৃত্যুবরণ করা ইসমাইল হোসেনের মরদেহ নিয়ে তার স্ত্রী জাহানারা বেগমসহ পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সযোগে যশোরের বাড়িতে ফিরছিলেন। পথে বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই জাহানারা বেগম ও অ্যাম্বুলেন্স চালক আকবর আলীর মৃত্যু হয়। এছাড়া অ্যাম্বুলেন্স ও বাসের অন্তত পাঁচজন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই হৃদয়বিদারক ঘটনায় নিহতদের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোক ও সমবেদনার সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।