Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এক বছর ধরে ভাঙা কালভার্ট, ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ

শান্ত বণিক, নরসিংদী 
জুন ৪, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

শান্ত বণিক, নরসিংদী 

নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের চৌঘরিয়া পূর্বপাড়া (মোল্লাবাড়ি সংলগ্ন) গ্রামের গুরুত্বপূর্ণ একটি কালভার্ট দীর্ঘ এক বছর ধরে ভেঙে পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সংস্কার না হওয়ায় কালভার্টটি এখন এলাকাবাসীর কাছে ‘মরণফাঁদ’ হিসেবে পরিচিত হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চৌঘরিয়া পূর্বপাড়া গ্রামের যাতায়াতের অন্যতম প্রধান সড়কের ওপর অবস্থিত কালভার্টটির মাঝামাঝি অংশ প্রায় এক বছর আগে ধসে পড়ে। এরপর থেকে ঝুঁকি নিয়েই কয়েকটি গ্রামের হাজারো মানুষ এ পথ ব্যবহার করছেন। তবে দীর্ঘ সময় পার হলেও সংস্কার বা পুনর্নির্মাণের দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি।

সরেজমিনে দেখা গেছে, কালভার্টটির ছাদের বড় একটি অংশ ধসে গিয়ে সেখানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ভাঙা ও ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেই রিকশা, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, কালভার্টটি ভেঙে যাওয়ার পর থেকে রোগী পরিবহন, জরুরি সেবা কার্যক্রম এবং শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে ঝুঁকি আরও বেড়ে যায়। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটলেও এখন পর্যন্ত স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ বাস্তবায়িত হয়নি।

স্থানীয় বাসিন্দারা দ্রুত নতুন কালভার্ট নির্মাণের দাবি জানিয়ে বলেন, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

এ বিষয়ে শিবপুর উপজেলা প্রকৌশলী পিন্টু চন্দ্র বলেন, “কালভার্টটির বিষয়টি আমাদের নজরে রয়েছে। এটি পুনর্নির্মাণের জন্য এডিপি প্রকল্পের আওতায় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করার চেষ্টা চলছে।”

তবে স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তারা শুধু আশ্বাস শুনে আসছেন। এবার দ্রুত কাজ শুরু করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।