সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একটি ভেশাল জাল উদ্ধার করে বিনষ্ট করেছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
শনিবার (১০ অক্টোবর) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ধামালিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কার্যালয়ের ক্ষেত্র সহকারী (রাজস্ব) এস এম সিরাজুল ইসলাম।
অভিযান চলাকালে ২ হাজার ৫০০ ফুট দৈর্ঘ্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একটি ভেশাল জাল উদ্ধার করা হয়। পরে জালগুলো বিনষ্ট করা হয়। উদ্ধার করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষা ও নিষিদ্ধ চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মৎস্য আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

