যশোর প্রতিনিধি
যশোরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হযরত আলী (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে যশোর-নড়াইল সড়কের হামিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হযরত আলী বেনাপোল পোর্ট থানার পাটবাড়ী মন্দির এলাকার জামাত আলীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে যশোর কোতোয়ালি থানার হামিদপুর বাজার এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় নড়াইল থেকে যশোরগামী ‘অথৈ সোহান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে যাত্রী হযরত আলীর কাছে থাকা একটি শুঁটকি মাছের ব্যাগ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবাগুলো জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

