আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ড, কালবৈশাখী ঝড় ও নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাজহারুল ইসলাম। একই সঙ্গে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ‘কিশোরী হাইজিন কর্নার’-এর উদ্বোধন করেন তিনি।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তা তুলে দেন জেলা প্রশাসক।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ড, ঝড় ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থ ৯টি পরিবারের জন্য মোট ১১ বান্ডিল ঢেউটিন এবং গৃহ নির্মাণ সহায়তা হিসেবে ৩৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়। প্রতি বান্ডিল ঢেউটিনের বিপরীতে ৩ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাগর হোসেন সৈকত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম. রাহানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্বাগত বক্তব্যে পিআইও সাগর হোসেন সৈকত বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব। দ্রুত সময়ে সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে ইউএনও রিফাত নূর মৌসুমী বলেন, সরকারের এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেজন্য বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও মর্যাদা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে হাইজিন কর্নার স্থাপন একটি সময়োপযোগী উদ্যোগ। নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থাপিত ‘কিশোরী হাইজিন কর্নার’-এর উদ্বোধন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
দিনব্যাপী সফরে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শন, চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা এবং জনসেবামূলক কার্যক্রমের খোঁজখবর নেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

